রাশিয়ার কাছাকাছি দু’টি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, রাশিয়ার কাছে দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, আশা করি, এই ধরনের উসকানিমূলক মন্তব্যের পরিণতি ভয়াবহ কিছু হবে না। যদি হয়, তবে তার ফল খুব একটা ভালো হবে না।’ ট্রাম্পের কটাক্ষ, ‘এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

গত কয়েক দিন ধরে শুল্ক যুদ্ধ’ এবং ভূরাজনৈতিক উত্তেজনা ঘিরে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ চলছে। সম্প্রতি ট্রাম্প একটি পোস্টে ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী ধরনের বোঝাপড়া করছে, তা নিয়ে আমি ভাবিত নই। তারা চাইলে একসঙ্গে নিজেদের মৃত অর্থনীতিকে আরও নিচে নামাতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। তাদের শুল্ক বিশ্বে সবচেয়ে বেশি। আর রাশিয়ার সঙ্গে তো যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় নেই বললেই চলে।’ সেই পোস্টেই দিমিত্রি মেদভেদেভকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলেও আক্রমণ করেন ট্রাম্প।

জবাবে দিমিত্রি বলেন, যাঁদের আপনি মৃত বলছেন, তাঁদের থেকে আসা বিপদকে উপেক্ষা করা সহজ হবে না।

এ বিষয়ে শুক্রবার ট্রাম্প বলেন, ‘‘রাশিয়া যা করছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা সত্যিই জঘন্য।” একই সঙ্গে তিনি জানান, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে পশ্চিম এশিয়ায় অবস্থান করছেন এবং আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবেন।

প্রসঙ্গত, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিত হওয়ার পর ইউক্রেনজুড়ে নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী। এরই মধ্যে কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি ওল্ডবাস্ট, ডনবাস, জাপোরিঝিয়া, খারকিভ ও ওডেসায়ও হামলা অব্যাহত রয়েছে।

All Categories