রাশিয়া-ইউক্রেন নেতাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ট্রাম্প
ইউক্রেন ও রাশিয়ার ভেতর যুদ্ধবিরতির জন্য দুইদেশের প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন-রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি না হওয়ায় এই আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষদিকে ইস্তাম্বুল বা আঙ্কারায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে তৃতীয় দফার বৈঠকের প্রস্তাব দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গত মে মাসের মাঝামাঝি দুই দেশের মধ্যে ইস্তাম্বুলে প্রথম সরাসরি আলোচনা হয়। যদিও এখন পর্যন্ত এমন বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন পুতিন । তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, এমন বৈঠকে বসতে তিনি রাজি আছেন।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ২ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে নতুন করে যুদ্ধবন্দী বিনিময় এবং প্রায় ১২ হাজার নিহত সেনার মরদেহ হস্তান্তরের বিষয়ে রাজি হয় রাশিয়া ও ইউক্রেন। যদিও এ বিষয়ে দীর্ঘমেয়াদী সমাধান চায় রাশিয়া। অন্যদিকে, ইউক্রেনের অভিযোগ, শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন পুতিন।