রাশিয়া-ইউক্রেন ‘চুক্তির খুব কাছাকাছি’ পৌঁছেছে: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। তবে এখনো যুদ্ধবিরতির কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের প্রস্তাবিত ৩০ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতির প্রেক্ষিতে পুতিন এ ইঙ্গিত দেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির কথা জানিয়েছেন। শুক্রবার মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের কয়েক ঘণ্টা পর ট্রাম্প বলেন, 'রাশিয়া ও ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।' খবর বিবিসির।

তবে ইউক্রেনকে বাদ রেখেই মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়েছে। ক্রেমলিন এ বৈঠককে 'গঠনমূলক' বলে উল্লেখ করেছে। ট্রাম্পও একে 'একটি ভালো দিন' বলে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, 'প্রধান প্রধান বিষয়গুলোর বেশিরভাগেই একমত হওয়া গেছে।' একই সঙ্গে তিনি রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত চুক্তি চূড়ান্ত করতে আহ্বান জানান।

এদিকে, শুক্রবার রাতে দেওয়া ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর প্রকৃত চাপ প্রয়োজন, যেন তারা নিঃশর্তভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তিতে ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত অঞ্চল ছাড় দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মার্কিন প্রস্তাবনায় ক্রিমিয়া ও লুহানস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রাখার বিষয়টি অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছে রয়টার্স।

তবে ইউরোপীয় দেশগুলো ও ইউক্রেন যুদ্ধবিরতির পরই দখলকৃত অঞ্চল নিয়ে আলোচনায় রাজি। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে মার্কিন পরিকল্পনায় সীমাবদ্ধতার কথাও বলা হয়েছে।

ক্রিমিয়া ইস্যুতে উত্তেজনা আরও বেড়েছে। জেলেনস্কি স্পষ্ট করেছেন, 'ইউক্রেনের ভূখণ্ড নির্ধারণ করবে কেবল ইউক্রেনের জনগণ।' তবে তিনি স্বীকার করেছেন, বর্তমানে ইউক্রেনের হাতে ক্রিমিয়া পুনর্দখলের জন্য পর্যাপ্ত সামরিক শক্তি নেই।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হলেও রাশিয়া এখনো রাজি হয়নি।

এদিকে, রাশিয়ার ওপর উত্তর কোরিয়ার মতো দেশ থেকে ক্ষেপণাস্ত্র আমদানি করে কিয়েভে হামলার অভিযোগও তুলেছেন জেলেনস্কি। সম্প্রতি কিয়েভে এক হামলায় ১২ জন নিহত হয়েছেন।

এই প্রেক্ষাপটে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধে তিনি দুই পক্ষের ওপর চাপ দিচ্ছেন। তবে তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে যুদ্ধের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন।

শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই শুক্রবার মস্কোয় এক গাড়িবোমা হামলায় এক রুশ জেনারেল নিহত হন। ক্রেমলিন এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ কোনো মন্তব্য করেনি।

All Categories