রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নির্বাচন ভবন থেকে কমিশনের গাড়িবহর বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়। বহরে সিইসিসহ সম্পূর্ণ কমিশন উপস্থিত ছিলেন।
ইসি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। এদিকে আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির একটি বিশেষ ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। সেই ভাষণেই নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যে কোনো সময় তফসিল ঘোষণা করা হবে।’ তবে নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, ভাষণ রেকর্ড হলেও আজ তফসিল ঘোষণার সম্ভাবনা কম। ইসি বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে পারে বলেই জানা গেছে।
ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ হিসেবে ১১ বা ১২ ফেব্রুয়ারি বিবেচনায় রয়েছে। বিষয়টি নিয়ে তিনজন নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।