রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’: মির্জা ফখরুল
দেশের রাজনৈতিক সংকটের পেছনে ভয়াবহ দুর্নীতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের কাজও সংসদ সদস্যরা দখল করে নিয়েছেন। আইন প্রণয়নের বদলে তাঁরা রাস্তা উন্নয়ন, ভবন নির্মাণ, এমনকি গাড়ি কেনা বেচার মতো কাজ নিয়েও সিদ্ধান্ত নিচ্ছেন। এতে রাষ্ট্রের পুরো ব্যবস্থাই দখল হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত? শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, তিনি আশাবাদী থাকতে চান, তবে পরিস্থিতি হতাশ করছে। তাঁর ভাষায়, ‘আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন দেখি সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে। মানুষের ভাবনাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তখন তো হতাশা আসবেই।
বিএনপির মহাসচিব আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তিনি বলেন, দেড় বছরে সেই ক্ষতি পূরণ হবে এমনটা ভাবা বাস্তবসম্মত নয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু।