রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদ সই করবে: প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের আলোচনার শেষ পর্যায় চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, খুব শিগগিরই দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। সেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ড. ইউনূস।

বৈঠকে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং আঞ্চলিক সংহতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১ হাজারের বেশি মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। শেহবাজ শরীফ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন ও তীব্র হচ্ছে।

অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য প্রস্তাবিত ১১টি কমিশনের সংস্কার দেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসকের উত্থান না ঘটে, সেই লক্ষ্যেই এসব সংস্কার গ্রহণ করা হয়েছে।

দুই নেতা আলোচনা করেন, সাম্প্রতিক বছরগুলোতে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাই আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ খুঁজে বের করা জরুরি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

All Categories