রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
রাজধানীতে চলতি বছরের প্রথম ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গড়ে মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটেছে এ তথ্য দিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, গত ১০ মাসের হত্যাকাণ্ডগুলোর বেশির ভাগেরই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
ডিসি তালেবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তার করা গেলে ঘটনার মূল তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি।
গত সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের সি ব্লকের একটি দোকানে ঢুকে যুবদল পল্লবী থানা শাখার সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনজন দুর্বৃত্ত ঢুকে পড়ে। তাদের একজনের পরনে পাঞ্জাবি, দুজনের গায়ে শার্ট ছিল। সবার মাথায় হেলমেট ও মুখে মুখোশ। দোকানে তখন নয়জন উপস্থিত ছিলেন। অস্ত্রধারীদের সামনে কেউই প্রতিরোধ করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই গুলি চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনাটি তদন্তে সহায়তার জন্য পুলিশ আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানিয়েছে ডিএমপি।