পুরো সংসদ ভবন ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী
জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা ‘জুলাই যোদ্ধা’ দাবিদার একদল মানুষকে ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনায় পুরো সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুপুর ১টা ২৬ মিনিটের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পুলিশ ও ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে থাকা বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে ধাওয়া–পাল্টাধাওয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিক্ষোভকারীরা প্রথমে ১২ নম্বর গেট টপকে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। পরে তারা দক্ষিণ প্লাজায় গিয়ে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের আসনে বসে স্লোগান দিতে থাকেন।
পুলিশ ও আনসার ব্যাটালিয়ন (এবিপিএন) সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়।
দুপুর ২টার পর পর্যন্ত সংসদ ভবন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। নিরাপত্তা জোরদার করতে সংসদ ভবন এলাকা ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও এবিপিএনের সদস্যরা।
এর আগে শুক্রবার সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে শতাধিক ব্যক্তি সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা গেট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে।