পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাঈদ মামুন (৫০)। সোমবার (১০ নভেম্বর) বেলা ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহত সাঈদ চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। ২০২৩ সালে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তার ওপর হামলার চেষ্টা হয়েছিল। সে সময় দুর্বৃত্তদের গুলিতে ভুবন চন্দ্র শীল নামের এক পথচারী নিহত হন।

কোতোয়ালি থানার ট্রাফিক পরিদর্শক নাসির উদ্দিন বলেন, ‘গুলির শব্দ শুনে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে মনে হচ্ছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থলে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে নিহত ব্যক্তির নাম তারিক সাঈদ মামুন, বাড়ি লক্ষ্মীপুরে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি হাসপাতালের প্রবেশমুখে মামুনকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। বেশ কয়েকটি গুলি করার পর ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, ‘নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুন। ঘটনার তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

All Categories