পুঁজিবাজারের অস্থিরতায় ডিবিএ’র উদ্বেগ, সংকটের দ্রুত সমাধান চায় স্টক ব্রোকারেরা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দেশের পুঁজিবাজারে তীব্র সংকট সৃষ্টি হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় সংকটের দ্রুত সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি এবং নীতিগত সিদ্ধান্তের প্রভাবে পুঁজিবাজার কঠিন সংকটে পড়েছে। এর ফলে লাখ লাখ বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য সংগ্রাম করছে।

তিনি আরও উল্লেখ করেন, বিএসইসি-র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে হতাশা ও অনিশ্চয়তা তৈরি করেছে, যা পুঁজিবাজারের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে বাজারে আস্থার সংকট আরও তীব্র হবে, যা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিবিএ প্রেসিডেন্ট বলেন, "অস্থিতিশীল পরিস্থিতি বিনিয়োগের পরিবেশকে নষ্ট করবে এবং সামগ্রিকভাবে পুঁজিবাজারে আরও চাপ সৃষ্টি করবে।তিনি কমিশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে বাজারের স্বাভাবিক প্রবাহ বজায় থাকে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা যায়।

ডিবিএ’র পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পুঁজিবাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সংকট সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।

ডিবিএ’র আহ্বান হচ্ছে, পুঁজিবাজারের বর্তমান অস্থির পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠা যাতে দেশের অর্থনীতির অগ্রগতিতে সহায়তা করা যায় এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।

All Categories