পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার

পুলিশ সদস্যদের মনোবল ভাঙার মতো ঘটনায় না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, অভ্যুত্থানের পর ডিএমপি খুব ভঙ্গুর অবস্থায় ছিল। অনেক চেষ্টা, পরিশ্রম ও আপনাদের সহযোগিতায় আমাদের অফিসাররা আবার মনোবল ফিরে পেয়েছেন। এই মনোবল যেন কেউ ভাঙতে না পারে এটাই আমার অনুরোধ।

বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, গতকাল রাতে আমার একজন নিরপরাধ অফিসারকে থানার সামনে ককটেল মেরে আহত করা হয়েছে। আপনারা অনুগ্রহ করে বিষয়টি প্রকাশ করুন। এ ধরনের হামলা অফিসারদের মনোবল নষ্ট করে। এর পরিণতি আমাদের সবার জন্যই ক্ষতিকর।

দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজের ঘরবাড়ি পাহারা দিতে হবে।

এর আগে, ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতার চেষ্টা হলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি বলেন, নাশকতা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই আছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেওয়া আছে।

পুলিশ অরাজকতা প্রতিরোধে কাজ করলেও অনেক সময় তাদের সঙ্গে অসদাচরণ করা হয় মন্তব্য করে তিনি বলেন, আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। অনুরোধ করছি এ ধরনের আচরণ করবেন না।

All Categories