প্রত্যর্পণের শুরুটা হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত গুরুত্বসহকারে বিবেচনা করছে। তবে এই প্রক্রিয়ার শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই।

শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে একসময় না একসময় বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও দাবি করেন, ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত কামাল খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে দেশে ফিরিয়ে আনা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে ঘটে যাওয়া অপরাধগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন আরও বেশি আলোচিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, গণহত্যা ও গুমের অভিযোগে কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের নজর আরও বেশি টানবে। তিনি লিখেছেন, যত অর্থই ব্যয় করা হোক না কেন, এসব ঘটনার দায় চিরদিন এড়ানো যাবে না।

তিনি আরও যোগ করেন, “আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের পক্ষে পরিণতি এড়ানো দিনদিন কঠিন হয়ে উঠবে।”

প্রেস সচিব শেষ পর্যন্ত ইঙ্গিত দেন, প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই, এরপর পর্যায়ক্রমে অন্যদের প্রতিও তা বিস্তৃত হবে।

All Categories