প্রথম ১০ দিনেই প্রায় ১ লাখ ই-রিটার্ন জমা

২০২৫-২৬ করবর্ষের প্রথম ১০ দিনেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মাধ্যমে ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধনের পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোট ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, গত বছরের তুলনায় এ বছর ই-রিটার্ন দাখিলের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রথম ১০ দিনে অনলাইনে রিটার্ন জমা হয়েছিল মাত্র ২০ হাজার ৫২৩টি। অর্থাৎ এবার দৈনিক গড় রিটার্ন সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ছাড়া অন্যান্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। পরে ১১ আগস্টের সংশোধিত আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

ই-রিটার্ন নিবন্ধনে সমস্যা হলে যৌক্তিক কারণ উল্লেখ করে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের কাছে আবেদন করলে অনুমোদনসাপেক্ষে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সেবার মাধ্যমে কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমা দিতে পারছেন। জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ ও কর সনদ প্রিন্টের সুযোগও থাকছে।

ই-রিটার্ন সহায়তায় এনবিআর কল সেন্টার (০৯৬৪৩-৭১ ৭১ ৭১) চালু করেছে। এছাড়া www.etaxnbr.gov.bd পোর্টালের eTax Service অপশনের মাধ্যমে লিখিতভাবে সমস্যার সমাধান পাওয়া যাবে। করদাতাদের সময়মতো প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় উল্লেখ করে অনলাইনে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।

All Categories