পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পৃথিবীর কোনো শক্তিই এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে নির্বাচন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
শফিকুল আলম বলেন, দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে, জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। এ অবস্থায় পতিত ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া হয়ে উঠেছে। তারা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইছে।
তিনি আরও বলেন, এটা কেবল আইন-শৃঙ্খলার প্রশ্ন নয়, এটা এখন জাতীয় নিরাপত্তার ইস্যু। এ সময় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আসন্ন দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে বৈঠকে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের অসন্তোষ দূর করতে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রেস সচিব। বদলিকৃতদের পুনর্বহাল এবং সাময়িক বরখাস্তদের দায়িত্বে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “কর্মীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। তাই কর্মবিরতির কোনো প্রয়োজন নেই। তবে আন্দোলনের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।