প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শীতকালীন ছুটির অংশবিশেষ বাতিল করে বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন না হওয়া বিদ্যালয়গুলোকে ১১ থেকে ১৫ ডিসেম্বরের (শুক্রবার ও শনিবার বাদে) কার্যদিবসে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, যেসব বিদ্যালয়ে আন্দোলনের কারণে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করা সম্ভব হয়নি, সেসব বিদ্যালয়ে নির্ধারিত ছুটি বাতিল করে পরীক্ষা গ্রহণ করতে হবে। সাধারণ নিয়মে শীতকালীন ছুটি ১১ ডিসেম্বর থেকে শুরুর কথা থাকলেও নতুন নির্দেশনার ফলে ১৪ ও ১৫ ডিসেম্বরের ছুটি কার্যত বাতিল হলো।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনের কারণে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত ছিল। আন্দোলন স্থগিতের পর ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা পুনরায় শুরু হয়। দ্রুত সময়ের মধ্যে বাকি পরীক্ষা সম্পন্ন করতে এই অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।