প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিন মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, তিন মামলার প্রতিটিতে সাত বছর করে সাজা দেওয়া হয়েছে এবং এসব সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। বিচারক জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি–তর্ক শেষে তিন মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হলো।
এর আগে ২৩ নভেম্বর একই আদালত যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
মামলাগুলোতে শুরু থেকেই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক। রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম একমাত্র আসামি হিসেবে কারাগারে আছেন। তিন মামলার সবগুলোতেই শেখ হাসিনা আসামি; জয় ও পুতুল পৃথক একটি মামলার আসামি।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা আকারের সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন এ মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এই মামলাসহ মোট তিনটি মামলায় ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষণার মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের দুর্নীতির অভিযোগসমূহের বিচারপ্রক্রিয়ায় এটি প্রথম দণ্ডাদেশ হিসেবে বিবেচিত হচ্ছে।