পিকেএসএফ ও অর্থবিভাগের ৫০০ কোটি টাকার সৌরবিদ্যুৎ চুক্তি
সারাদেশে সৌরবিদ্যুতের ব্যবহারের পরিধি সম্প্রসারণের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থবিভাগের সাথে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর করেছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) অর্থবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থবিভাগের যুগ্ম সচিব মোছা. নাজনীন সুলতানা এবং পিকেএসএফ-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
এই উদ্যোগের আওতায় পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে সর্বশেষ পর্যায়ের গ্রাহকদের বার্ষিক ৬ শতাংশ সুদে ঋণ সুবিধা প্রদান করবে। সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজতর করতে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার দ্রুত ছড়িয়ে দিতে পিকেএসএফ 'বিশেষায়িত নবায়নযোগ্য শক্তি অর্থায়ন কর্মসূচি' চালু করেছে।
এই যৌথ উদ্যোগ দেশের জ্বালানি খাতকে বহুমুখী করার পাশাপাশি পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য বিদ্যুতের সহজলভ্যতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সার্বিক জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, এটি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির প্রসার ঘটাবে, প্রথাগত বা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা হ্রাস করবে এবং টেকসই উন্নয়নের পথে দেশের উত্তরণ ত্বরান্বিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করবে।