পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি তাঁর পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন বলে জানান সাংবাদিকদের।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর থেকে উপদেষ্টা পরিষদে কয়েক দফা রদবদল ও নতুন নিয়োগ ঘটেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা ২৩ জন।
এই পরিস্থিতিতে গত বুধবার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে অধ্যাপক এম আমিনুল ইসলাম ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অধ্যাপক রফিকুল আবরারের হাতে চলে যাওয়ার পর এম আমিনুল ইসলামের পদত্যাগের ঘটনা সামনে এসেছে।
এছাড়া ও শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বর্তমানে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিনজন বিশেষ সহকারী নিয়োগ করেন তাঁদের মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম ছিলেন একজন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করার দায়িত্বে ছিলেন।