পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাঙ্কার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাতে এই খবর দিয়েছে জিও নিউজ।
পাকিস্তানের সেনাবাহিনীর ভাষ্য, ভারতীয় সেনারা বিনা উসকানিতে কিয়ানি ও মন্ডল সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে পাকিস্তান পাল্টা জবাব দেয়। এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্টসহ একাধিক বাঙ্কার ‘কার্যকরভাবে ধ্বংস’ করা হয়েছে বলে দাবি করা হয়।
এই ঘটনা ঘটে এমন সময়, যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, ২৯ ও ৩০ এপ্রিল রাতভর এই গোলাগুলির ঘটনা ঘটে। তারা দাবি করে, প্রতিক্রিয়া ছিল ‘উপযুক্ত ও পরিমিত’। পাকিস্তান সেনাবাহিনীর একাধিক সূত্র বলেছে, তাদের এই প্রতিক্রিয়া দেশের উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ।
পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত এলাকায় ভারত তাদের সামরিক ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এ ধরনের তৎপরতা ‘উসকানিমূলক’ এবং একটি অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিচ্ছে বলেও উল্লেখ করা হয়।
দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এ ধরনের গোলাগুলির ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের।