পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে সেনাসহ ১৭ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর তিনটি পৃথক অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৫ সদস্য ও দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান নিরাপত্তা বাহিনী কারাক জেলায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং আটজন সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়।

এছাড়া, উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার ‘সন্ত্রাসী’ নিহত হন। তবে, উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের সময় সেনাবাহিনীর দুই সদস্য ল্যান্স নায়েক উসমান মোহমান্দ এবং সিপাহী ইমরান খান শহীদ হন।

দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জামের সাধারণ এলাকায় আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও তিনজন ‘সন্ত্রাসী’কে সফলভাবে হত্যা করেছে। এই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা সন্ত্রাসীরা বিভিন্ন হামলা চালানোর জন্য ব্যবহার করেছিল। আইএসপিআর জানিয়েছে, এসব এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে।

All Categories