পাকিস্তান যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে: শেহবাজ
কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারতের উত্তেজক পদক্ষেপের মধ্যে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এরই পরিপ্রেক্ষিতে আবারও পানি ইস্যুতে কড়া বার্তা দিল পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তান যেকোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে।
শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে শেহবাজ শরিফ এসব কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
কাশ্মিরের পেহেলগাম হামলা নিয়ে শেহবাজ বলেন, এ ঘটনায় পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। বরং গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং দেশের অর্থনীতিতে বিপুল ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, পেহেলগাম হামলার বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, এই অঞ্চলজুড়ে শান্তি প্রতিষ্ঠা চায় ইসলামাবাদ এবং ইরান যদি এই প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে।
কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে শেহবাজ বলেন, পাকিস্তান সবসময় কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন দিয়ে যাবে।
প্রসঙ্গত, ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চলছে। অনেক কাশ্মিরি মুসলিম এই বিদ্রোহকে সমর্থন করেন এবং অঞ্চলটির পাকিস্তানে যোগ দেওয়া কিংবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের দাবি জানিয়ে আসছেন।
ভারত এই আন্দোলনকে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করে আসছে। অন্যদিকে পাকিস্তান বলছে, এটি কাশ্মিরিদের বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘদিনের এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।