অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ভারতের দিল্লিতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। একই সঙ্গে সব পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বাংলাদেশ—এ কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধে অটল। পাশাপাশি উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর অঞ্চলের নীতি ও মূল্যবোধকে সমর্থন করে বাংলাদেশ।’ আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার গুরুত্বও তুলে ধরেন তিনি।
বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক উদ্যোগ এবং মৌলিক অধিকার–স্বাধীনতার সুরক্ষায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের হুমকির মুখে পড়েছে জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমাদের অঙ্গীকার হলো নিজস্ব সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখা। শুধু নাগরিকদের নিরাপত্তা ও গোপনীয়তার জন্য নয়—এটিও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের ভেতর থেকে কোনো কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে না ওঠে।