অতীতের নির্বাচনী কালিমা থেকে পুলিশকে বের হতে হবে: ডিএমপি কমিশনার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অতীতের কালিমা থেকে বের হয়ে পুলিশের নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচন সম্ভব।
সভায় তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্ব আরোপ করেন ডিএমপি কমিশনার।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিএমপির আধুনিকায়ন চলছে। এর অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন কার্যক্রম চালু করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে টহল জোরদার করার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সহায়তাকারী ও অর্থায়নকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আগস্ট মাসের ডাকাতি, চুরি, খুন, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ সার্বিক অপরাধ চিত্র উপস্থাপন করেন।
মাসিক অপরাধ সভায় আগস্ট মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।