ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

সোমবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে মামলাটি রেকর্ড করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তি গুলি করেন। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা ভালো নয়।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।

এদিকে, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আততায়ী পালিয়ে যাওয়ার আশঙ্কায় সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে র‌্যাব আরও তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গুলির আগে ও পরে ফয়সালের সঙ্গে তাঁদের ঘনঘন ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এছাড়া এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

All Categories