ওসমান হাদি এখন কোমায়: চিকিৎসক

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, হাদির মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন। ডা. মোশতাক বলেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক অস্ত্রধারী। ঘটনার পর আহত অবস্থায় দ্রুত ঢামেকে নেওয়া হয় হাদিকে।

গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থান আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। হাসপাতালের জরুরি বিভাগ এলাকায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

All Categories