অন্তর্বর্তী সরকারের শপথকে বৈধ ঘোষণা করল আপিল বিভাগ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ হয়ে যাওয়ায় দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বৈধতা চূড়ান্ত রূপ পেল।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসিন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগের দিন, বুধবার, শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত। গত মঙ্গলবার শুরু হওয়া শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, ‘জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।’
গত ১২ নভেম্বর শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল। পরে এ বিষয়ে ব্যাখ্যা চান আপিল বিভাগ।
গত বছরের ডিসেম্বরে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী মহসিন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে মন্তব্য করে, জনগণ যখন বৈধতা দিয়েছে, তখন এই সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল চেয়ে আবেদন করেন তিনি, যা আজ খারিজ হয়ে যায়