অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। দেশটির স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও পদক্ষেপ নিচ্ছে কি না, সে বিষয়ে প্রশ্ন করেন।

প্রশ্নকারী সাংবাদিক উল্লেখ করেন, মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামি চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও একটি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি সরাসরি মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দায়ী করেননি। ইউনূস সরকার এসব উদ্বেগকে তীব্রভাবে অস্বীকার করে, সেগুলোকে অসত্য বলে অভিহিত করেছে।

সাংবাদিক আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খিলাফতপন্থীদের বিশাল একটি র‍্যালি হয়েছে, যা বাংলাদেশে ইসলামি চরমপন্থার উত্থান নিয়ে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কোনও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, "আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।" তিনি আরও বলেন, "এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং এটাই আমাদের প্রত্যাশা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

All Categories