অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢামেক, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার বাইরে থাকবেন।
শনিবার (২১ জুন) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, কলেজের চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামীকাল থেকে এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। ছাত্র-ছাত্রীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।”
গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের ঝুঁকিপূর্ণ আবাসিক ও একাডেমিক ভবনের সংস্কার এবং নতুন অবকাঠামোর দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেন এবং মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল—পরিত্যক্ত ঘোষণা করা ছাত্রাবাসের বিকল্প ব্যবস্থা। নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবনের বাজেট পাস। প্রকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রতিনিধি রাখার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দাবি না মানা হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবেন। তার আগেই প্রশাসনের পক্ষ থেকে কলেজ বন্ধের ঘোষণা আসে।