অলিম্পিকে ফিরছে ক্রিকেট, ছয় দল বাছাই করবে আইসিসি

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ক্রিকেট। তবে অংশগ্রহণ করবে মাত্র ছয়টি দল, আর সেই দলগুলো কোন কোনটি হবে সেই সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটি (এলএ২৮) স্পষ্ট করেছে, কোন দেশ অলিম্পিকে অংশ নেবে, সে সিদ্ধান্ত তাদের নয়। বরং প্রতিটি খেলায় অংশগ্রহণকারী দেশ নির্বাচন করে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা।

এলএ২৮ চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান বলেন, “আমরা অলিম্পিক আয়োজন করি, কে খেলবে তা নির্ধারণ করে না সেটা প্রতিটি খেলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ঠিক করে।

এখন আলোচনার কেন্দ্রে রয়েছে, আইসিসি কীভাবে ঠিক করবে এই ছয়টি দল? হবে কি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন, না কি মহাদেশভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে? কিংবা আয়োজন করা হবে বাছাইপর্ব? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আইসিসির আসন্ন ঘোষণায়।

বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট সূচি এতটাই ব্যস্ত যে, বাছাইপর্ব আয়োজনের সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে।

এদিকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে কি না, তাও এখনো নিশ্চিত নয়। এলএ২৮ জানিয়েছে, এই বিষয়ে তাদের কোনো পক্ষপাত নেই; চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে বর্তমানে জিম্বাবুয়ের হারারেতে চলছে আইসিসির চার দিনের মিটিং। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৈঠকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, যা চলবে আগামী কয়েক দিন। মূল বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে শনিবার ও রবিবার, ভিক্টোরিয়া ফলসে যেখানে এই ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।

এখনও কিছু প্রশ্নের উত্তর মেলেনি ু ‍ুযেমন, ইংল্যান্ড আলাদা দল হিসেবে খেলবে, না কি গ্রেট ব্রিটেন নামে একটি সম্মিলিত দল অংশ নেবে? ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে কি একটি নির্দিষ্ট দ্বীপ প্রতিনিধিত্ব করবে, না কি পুরো অঞ্চল মিলিয়ে একটি দল মাঠে নামবে?

এই সব প্রশ্নের জবাব পাওয়া যাবে আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তেই। তবে এটুকু নিশ্চিত, অলিম্পিকে ক্রিকেট ফিরছে, আর সেখানে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা হবে খুবই সীমিত।

All Categories