ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: আমীর খসরু
ঐকমত্যের বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংস্কার নিয়ে প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, সবাইকে একমত হতে হবে এটা যে চিন্তা করে, সেটা বাকশালী চিন্তা। এটা শেখ হাসিনার পিতা করেছিলেন। ভিন্ন দল, ভিন্ন মত, ভিন্ন দর্শন থাকবে এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, যেখানে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে, সেই জায়গার বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই। এর বাইরে কিছু করতে হলে ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে।
আমীর খসরু প্রশ্ন তোলেন, যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, সেগুলো কেন জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে না?