ঐকমত্য তৈরিতে আলোচনা চালিয়ে যাবে বিএনপি: সালাউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দলটি সংবিধান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে অত্যন্ত সিরিয়াস মনোভাব নিয়েই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বৈঠকের চা বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন করা হয় বলে জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার ইস্যুতে আমরা ১৩১টি প্রস্তাব দিয়েছি। অথচ স্প্রেডশিটে পেয়েছি মাত্র ৭০টি দফা। স্প্রেডশিটে বিভ্রান্তি ও মিসলিড করা হয়েছে। তবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আজ না হলে পরে আলোচনা আবার চলবে।
তিনি জানান, সংবিধানের প্রস্তাবনা, প্রজাতন্ত্র ও রাষ্ট্রের মূলনীতি, মৌলিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২৫টি দফায় একমত কিংবা আংশিক একমত হওয়া গেছে বলে জানান তিনি।
বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, জুডিশিয়ারি নিয়ে আমরা শুরুতে অল্প কিছু মত দিয়েছিলাম। পরে বিস্তারিত দিতে গিয়ে দেখি, দেড়শ’র বেশি প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৮৯টি দফায় আমরা বিস্তারিত মত দিয়েছি।
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা চাই, তবে প্রক্রিয়াটা হতে হবে সাংবিধানিকভাবে। বিচারক নিয়োগে অধ্যাদেশ জারির প্রস্তাব করা হলেও সেটি সংবিধানে অন্তর্ভুক্ত না হলে তা অসাংবিধানিক থেকে যাবে। আমরা মনে করি, সব ধরনের সংস্কারই হওয়া উচিত সংবিধান অনুযায়ী।
সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংবিধান, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার সংস্কারকে জাতির কল্যাণের প্রশ্ন হিসেবে দেখছে এবং সেই অনুযায়ীই আলোচনা চালিয়ে যাচ্ছে।