অচলাবস্থা দূর করতে এনবিআরে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। একইসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগ বা অপসারণের জন্য ২৭ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
সংগঠনটির নেতারা বলেন, সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে সারাদেশে শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। একই দিন ঢাকায় ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিও পালনের ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, বর্তমান চেয়ারম্যানের অধীনে এনবিআরের সংস্কার অসম্ভব। তাঁর অপসারণ ছাড়া বিকল্প কোনো পথ নেই।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা এবং চেয়ারম্যানের একচেটিয়া সিদ্ধান্তের কারণে এনবিআর কার্যত অচল হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
এদিকে সংবাদ সম্মেলনের সময় বিকেল পৌনে ৫টা পর্যন্ত এনবিআরের সব ফটক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। কর্মরতদের কেউ বাইরে বের হতে পারেননি, আবার ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি কাউকে।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এনবিআরের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে যে সংস্কার প্রয়োজন, তা বাস্তবায়নে বর্তমান নেতৃত্ব একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনটির নেতারা বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, তিনি যেন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। দেশের রাজস্ব ব্যবস্থা স্থবির হয়ে পড়ুক, এটা আমরা কেউ চাই না।