নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আর একটা পে কমিশনের ব্যাপার আছে; সেটা আমরা এখন কিছু বলতে পারি না। দেখা যাক, কতদূর যায়। সেটা আগামী সরকার হয়তো ইয়েস করতে পারে। যেহেতু আমরা ইনিশিয়েট করে ফেলেছি, পরবর্তী সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে তার চূড়ান্ত আলোচনা হবে ১৫ নভেম্বর। ‘ওদের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। তারা বলেছে, তোমাদের সার্বিক অর্থনৈতিক দিক নিয়ে আমরা খুব সন্তুষ্ট। তোমরা যা যা করার চেষ্টা করছ, তা ইতিবাচক।

তিনি জানান, আইএমএফের কিছু সুপারিশ রয়েছে, যার মধ্যে রাজস্ব আয় বাড়ানো অন্যতম। আমাদের ট্যাক্স–জিডিপি অনুপাত কম, এর অনেক কারণ আছে। মানুষ ট্যাক্স দিতে চায় না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল। এতে বড় সমস্যা হয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও খাদ্য খাতে। ‘খাদ্য খাতে আমরা মোটামুটি ভালো করছি,’ বলেন তিনি।

নির্বাচনের আগে আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি পাওয়া যাবে কিনা—এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আগেই রাজি হয়েছি, এখন কোনো জরুরি প্রয়োজন নেই। তারা রিভিউ শেষ করেছে। রাজনৈতিক সরকার এসে কীভাবে এগোয়, সেটা তাদের দেখতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তখন আবার তারা রিভিউতে আসবে, তারপর সিদ্ধান্ত নেবে।

অর্থ উপদেষ্টা বলেন, ট্যাক্স ব্যবস্থার সংস্কারের জন্য স্বাধীন অর্থনীতিবিদদের নিয়ে একটি কমিটি করা হয়েছে, তারা কিছু সুপারিশ দেবে। আর ব্যাংকিং খাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ শুরু হয়েছে। বাকি সংস্কারগুলো আমরা ধীরে ধীরে করব এবং আগামী সরকারের জন্য রেখে যাব।

তিনি আরও যোগ করেন, ‘আমরা যা কাজ করেছি, সেটাকে কনসলিডেট করব। সংস্কার সম্পূর্ণ শেষ করা সম্ভব নয়। এটা একটি চলমান প্রক্রিয়া। আমরা একটা ভালো প্যাকেজ তৈরি করে পরবর্তী সরকারকে দিয়ে যাব।

All Categories