নতুন নামে পুরনো উৎসব: আনন্দ শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে পহেলা বৈশাখে (১৪৩২ বঙ্গাব্দ) অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম এ বছর পরিবর্তন করা হয়েছে। এবার এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, বরং নতুন নামে আয়োজন করা হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

শুক্রবার (১১ এপ্রিল) চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা দিক তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে চারুকলা অনুষদ।

চারুকলার ডিন অধ্যাপক নিশীথ রঞ্জন মণ্ডল জানান, ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা শোভাযাত্রার আয়োজন করে আসছে। তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অমঙ্গলকে দূর করে মঙ্গল কামনার প্রতীক হিসেবে এর নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।

২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

এবার সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতায় নতুন নামে আয়োজন করা হচ্ছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আয়োজকেরা বলছেন, নাম পরিবর্তনের মাধ্যমে শোভাযাত্রার মূল ভাবনা ও সাংস্কৃতিক রূপরেখায় কোনো পরিবর্তন আসবে না। বরং সময়োপযোগী আঙ্গিকে বর্ষবরণকে আরও উজ্জ্বল করে তোলাই মূল লক্ষ্য।

বরাবরের মতোই চারুকলার শিক্ষার্থীদের হাতে তৈরি রঙিন মুখোশ, পটচিত্র, বিশালাকৃতির কাঠামো আর ঐতিহ্যবাহী লোকশিল্পে সাজানো হবে এই আনন্দ শোভাযাত্রা।

All Categories