নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। এতে সামনে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন তিনি।

আজ শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই স্বপ্ন বাস্তবায়নে যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করা হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করতেই এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের স্মরণে আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন।

All Categories