নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশ আর পুরোনো ফর্মুলায় চলবে না ইনশাআল্লাহ। জনগণ দেখতে চায় জনগণের সরকার—যেখানে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজের স্বার্থের আগে জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে।

শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা–১৭ আসন জামায়াতে ইসলামী আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিভক্ত জাতি আর দেখতে চান না তাঁরা। তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি, দুর্নীতি বা চাঁদাবাজির মতো অভিযোগ তাঁর দলের ক্ষেত্রে নেই। ‘জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন’ বলে মন্তব্য করেন তিনি।

আগামী ফেব্রুয়ারির আগে রোজার পূর্বে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ যাদের কর্মসূচি ও বক্তব্যে আস্থা রাখবে, তারাই নির্বাচিত হবে। ‘যদি জনগণ আমাদের বেছে নেয়, আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই,’ বলেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক নেতা ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গঠনের কথা বললেও জামায়াতকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, যদি আল্লাহর ইচ্ছায় জনগণ আমাদের নির্বাচিত করে, আমরা তাদেরও বাদ দেব না। সবাইকে নিয়েই দেশ গড়তে চাই। আমরা বিভক্ত জাতি দেখতে চাই না।

পুরোনো রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, নারীর প্রতি সহিংসতা—এসবই ফ্যাসিবাদের পাঁচটি লক্ষণ, যা এখনো দেশে বিদ্যমান। তাঁর ভাষায়, ফ্যাসিবাদ গেছে, এটা বলা সত্য নয়; বরং এটি এখন “ফেসি” হয়ে রয়েছে।

জনগণের রক্ত ও আত্মত্যাগের পরও স্বাধীনতার সুফল পুরোপুরি না পাওয়ার আক্ষেপ করে ডা. শফিকুর রহমান বলেন, বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। বরং মাটিকে কামড়ে’ দেশের ভেতরেই থেকে কারাবরণ ও শহিদের রক্তের বিনিময়ে দল টিকে আছে। ‘আমরা এই দেশ, এই মাটি ও মানুষকে ভালোবাসি, বলেন তিনি।

জামায়াত আমির শেষ পর্যন্ত পুনর্ব্যক্ত করেন, নতুন বাংলাদেশ চালাতে হলে নতুন ফর্মুলাই প্রয়োজন—যেখানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে জনগণের প্রতি, নয় ব্যক্তিগত স্বার্থে।

All Categories