নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি খাতের সহযোগিতা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসবে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।

দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে ইউনূস বলেন, বাংলাদেশ অতীতে ডাচ অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছে। তাঁর ভাষায়, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একসঙ্গে অনেক কিছু শিখতে ও গড়ে তুলতে পারি।

রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ খাতে উদ্ভাবনী কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, কক্সবাজারে এক মিলিয়নের বেশি শরণার্থীর মানবিক সহায়তা অর্থসংকটে হুমকির মুখে পড়েছে। তিনি ডাচ সহায়তা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি উল্লেখ করেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, রোহিঙ্গা ইস্যু আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ পাওয়ার দাবি রাখে। তবে চলমান অন্যান্য ভূরাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে আছে।

All Categories