নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাঁর ভাষায়, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সিইসি।

সাক্ষাৎ শেষে সিইসি জানান, চলতি সপ্তাহেই ঘোষিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তিনি বলেন, নির্বাচন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

বৈঠকসূত্রে জানা যায়, নির্বাচনি প্রক্রিয়ায় বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। এ সময় প্রধান বিচারপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সীমানা সংক্রান্ত মামলা, তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট এবং এসব বিষয় যেন নির্বাচনকে বাধাগ্রস্ত না করে— তা নিয়েও আলোচনা হয়। এছাড়া নির্বাচনের সময়ে বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয়েও আলাপ করেছেন সিইসি।

এর আগে দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সিইসিকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিইসির ভাষণও চূড়ান্ত হয়েছে। জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যে কোনো দিনে তফসিল ঘোষণা করা হতে পারে।

All Categories