নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে: সিইসি
নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যখন সময় হবে, তখন শিডিউল ঘোষণা করব।
আজ শনিবার সকাল সাড়ে নয়টায় নির্বাচনী আইন ও বিধি–সংক্রান্ত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, এখানে আমরা গোপনে কিছু করছি না। আমাদের নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে। অনেকে এটাকে রোডম্যাপ বললেও আমি সেটা বলছি না। তবে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা আছে।
নির্বাচন আয়োজন নিয়ে সিইসি বলেন, এত বড় একটা নির্বাচন। এটা বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা দরকার হয়। সেই পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এটা পরিবর্তনযোগ্য। কোনো তারিখ চূড়ান্ত না হলে দু-চার দিন এদিক-সেদিক হতে পারে।
নির্বাচন আয়োজনে সরকারের সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সিইসি নাসির উদ্দীন। তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সহায়তা নিতে হয়। সে জন্য সরকারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।