নির্বাচনের রোডম্যাপ আগামীকাল ঘোষণা হতে পারে: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি, সেটি আপনাদের জানাবো। আমি ঢাকার বাইরে থাকায় কিছুটা দেরি হয়েছে। পরিকল্পনাটি এখন আমার টেবিলে আছে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও সচিবের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে রোডম্যাপ অনুমোদন করেছে কমিশন। বৈঠক শেষে ইসির এক কর্মকর্তা জানান, কর্মপরিকল্পনার সবকিছু ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রোডম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন, প্রবাসী ভোটারদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) ব্যবস্থা এবং নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা।
ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচনের রোডম্যাপ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।