নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ, বডি–ওয়ার্ন ক্যামেরা ক্রয়, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা—আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যেকোনো প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে।

তিনি জানান, এবার ভোট গ্রহণ এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট চলবে। ‘সূর্যাস্তের পরও ভোট গণনা চলবে এই প্রেক্ষাপটে সব ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে,’ বলেন উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, জুলাই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করার আগে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। রংপুরে এক পুলিশ সদস্যের বাবা–মাকে হত্যার ঘটনায় তিনি বলেন, ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’–সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’ জাতীয় পার্টিকে মাঠে নামতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগটি সঠিক নয়। তাদের কার্যালয় নিয়ে নিজেদের মধ্যেই জটিলতা রয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

All Categories