নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের
আসন্ন জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার তাগিদও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ এসব তথ্য জানান।
এর আগে সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।
পরবর্তী সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেন, ‘আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো দ্রুত সরকারি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংবিধানসংক্রান্ত বিষয়ে ৪৮টি নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। এসব বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে।’
কমিশনের সহসভাপতি জানান, আগামী জাতীয় সংসদ তার প্রথম নয় মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। এই সংসদই জুলাই সনদের বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে। ‘যদি সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়, তাহলে জুলাই সনদের প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে,’ বলেন তিনি।
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘যেসব দল এখনো স্বাক্ষর করেনি, তাদের সঙ্গে আলোচনা চলছে। এনসিপির সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং তা অব্যাহত আছে। আমরা আশাবাদী, এনসিপিও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও আবদুল মুয়ীদ চৌধুরী।