নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরো দেশজুড়ে এখন বিশেষ অভিযান চলছে। এটি নির্বাচন পর্যন্ত চলবে। আমাদের অনেক অস্ত্র হারিয়ে গেছে, যা এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। এগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বর্তমান আইন-শৃঙ্খলা বাহিনী দিয়েই নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সরকার উন্নয়নের চেষ্টা করছে। তবে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হয়নি। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই সময়েও আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো—এমন কোনো সাধারণ ধারণা গড়ে ওঠেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সক্ষমতার মধ্যে থেকে যতটুকু উন্নয়ন সম্ভব, সেটাই করছি।

৫ আগস্ট শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই। ইনশাআল্লাহ, সব প্রোগ্রাম ভালোভাবে হবে।

মব ভায়োলেন্স (জনতা কর্তৃক সহিংসতা) নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘মব ভায়োলেন্স কমছে। ধীরে ধীরে এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

একটি রাজনৈতিক দলকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সব দলকেই সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে। কেউ বেশি ঝুঁকিতে থাকলে তাকে একটু বেশি নিরাপত্তা দেওয়া হয়। আর কেউ কম ঝুঁকিতে থাকলে, তার নিরাপত্তার মাত্রাও সেই অনুযায়ী নির্ধারিত হয়।

All Categories