নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা কলি
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, ইসির সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে। একই সঙ্গে ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করে ১১৯টি প্রতীকের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দের সময় স্থগিত প্রতীক বাদে তালিকায় থাকা অন্য যেকোনো প্রতীক দেওয়া যাবে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ইসি ১১৫টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করেছিল।
গত সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা দেওয়া যাবে না। কমিশন নিজ বিবেচনায় অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
তবে বৃহস্পতিবারের গেজেটে দেখা যায়, নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে ইসি। প্রসঙ্গত, নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই ‘শাপলা’ দাবি করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।