নির্বাচনী দায়িত্বে ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইসির চিঠি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি।
বৃহস্পতিবার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুদিন পর পর্যন্ত নির্বাচন আচরণবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসি আরও জানায়, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।