নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির
উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে কাউকেই কোনও প্রকার চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। ন্যায়সঙ্গত, আইনসম্মত ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যত শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য। এই সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে। আমরা ‘রুল অব ল’ চাই, ‘রুল বাই ল’ নয়। শাসন করার জন্য বানানো আইন নয়, আইন অনুযায়ী শাসন চাই।
তিনি ইউএনওদের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো দায়িত্ব ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিরপেক্ষভাবে ও প্রফেশনালি পালন করতে হবে। কোনও চাপের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে নিজের বিবেচনা ও আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন।
সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, নির্বাচনের ক্ষেত্রে সমন্বয় একটি বড় বিষয়। উপজেলা পর্যায়ে আপনারাই মূল সমন্বয়কারী। আইনশৃঙ্খলা বাহিনী, প্রেসাইডিং অফিসার, পোলিং অফিসার—সবার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে। এই সমন্বয়টাই নির্বাচনের সাফল্যের চাবিকাঠি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও কারও অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। তেমনি কর্মকর্তাদের দিকেও কোনও অন্যায় নির্দেশনা যাবে না। সব নির্দেশনাই প্রচলিত আইন অনুযায়ী দেওয়া হবে।
সংকট দেখা দিলে তা দ্রুত মোকাবিলা করার পরামর্শ দিয়ে সিইসি বলেন, যখনই কোনও সংকট দেখা দেবে, শুরুতেই সেটি ট্যাকেল করতে হবে। ঘটনার পর নয়—ঘটনার আগেই উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ট্রেনিং কিন্তু সারাজীবনের ব্যাপার। শেখার শেষ নেই। এই প্রশিক্ষণকে গুরুত্ব দিন এবং এখান থেকে শেখা জ্ঞান অন্যদের কাছেও ছড়িয়ে দিন।
আরপিও সংশোধনের পর ম্যানুয়াল হালনাগাদ করার কথাও জানান তিনি। বলেন, ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় সংযোজন করা হবে। কোনও বিষয় বাদ পড়লে বা ঘাটতি থাকলে অনলাইনে যুক্ত করে সেই গ্যাপ পূরণ করা হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন