নির্বাচন সামনে রেখে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে রাজনৈতিক সংস্কার কার্যক্রমে গতি আনার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে কমিশনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলছে। এখন পর্যন্ত আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।
কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংস্কার কার্যক্রম নিয়ে জনমত যাচাই ও সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, নির্ধারিত সময়ে একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হলে সংস্কার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত ও ফলপ্রসূ সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।