নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার যে রূপরেখা দিয়েছে, তার মধ্যে সময়সীমাও নির্ধারিত আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান জানান, সরকার এখন পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়ার রূপরেখা দিয়েছে, সেনাবাহিনী সেটির ভিত্তিতেই প্রস্তুতি নিয়েছে। বর্তমানে যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত পরিসরে চলছে, তার মধ্যেও নির্বাচনকেন্দ্রিক দায়িত্বকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ চালানো হচ্ছে।
তিনি বলেন, শান্তিকালীন সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। আমরা বলে থাকি, ‘উই ট্রেইন অ্যাজ উই ফাইট’। গত ১৫ মাস ধরে আমরা মাঠে আছি। নির্বাচন পর্যন্ত বা এর কিছু পর্যন্ত যদি মাঠে থাকতে হয়, তাহলে প্রশিক্ষণে বিঘ্ন ঘটবে।
সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা মনে করেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। তিনি বলেন, সেনাবাহিনী দায়িত্ব শেষ করে দ্রুত স্বাভাবিক প্রশিক্ষণ ও সেনানিবাসকেন্দ্রিক জীবনে ফিরে যেতে চায়।
তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি এখনই সম্পন্ন করা হয়েছে।