নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী: শফিকুল ইসলাম
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা না এলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত কয়েক সপ্তাহে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা এখনও আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী নির্বাচন পরিচালনায় প্রস্তুত থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমরা নিরপেক্ষ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত দুই সপ্তাহের অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, এ সময়ে সেনাবাহিনী ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে চার শতাধিক কিশোর গ্যাং সদস্য।
চট্টগ্রাম অঞ্চলের অভিযানের কথা উল্লেখ করে কর্নেল শফিকুল বলেন, সর্বশেষ অভিযানে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্রসহ ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড়ে শান্তি রক্ষায়ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, গত ৫ আগস্টের পর থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, ‘আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেনাবাহিনী যেকোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।