চবিতে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আয়োজিত সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণে বিভিন্ন আত্মরক্ষার কৌশলের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে সামলে নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শফিকুল ইসলাম, চাকসুর জিএস সঈদ বিন হাবিব, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, নির্বাহী সদস্য আদনান শরিফ ও সোহানুর রহমান সোহান, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ আহনাফ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, প্রশিক্ষক রাইয়া আমীনসহ প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি আত্মবিশ্বাসী ও মানসিকভাবে দৃঢ় হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলবে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে স্বাধীন ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে। তিনি শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অধ্যাপক ড. আনোয়ার হোসেন চাকসুর উদ্যোগের প্রশংসা করেন। চাকসু অফিস ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আত্মরক্ষা প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রশিক্ষক রাইয়া আমীন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং অর্জিত দক্ষতা ধরে রাখতে নিয়মিত অনুশীলন ও চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। চাকসুর জিএস সঈদ বিন হাবিব বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে চাকসু কাজ করছে। নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধির এ প্রশিক্ষণ সেই কার্যক্রমের অংশ। চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান। পরে প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।